Search

Search

যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুত ইরান, তবে হুমকি মানবে না

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমান ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে হুমকি বা চাপের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান।

শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ইরানের আলোচনায় কোনো সমস্যা নেই। কিন্তু হুমকির ছায়ায় আলোচনা হতে পারে না।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি আরও বলেন, ‘ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের প্রতিরক্ষা শক্তি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানি জনগণের নিরাপত্তা অন্য কারও বিষয় নয়। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও বাড়িয়ে যাব।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ করা হলেও, হুমকি ও চাপের রাজনীতি প্রত্যাখ্যান করেছে দেশটি।

সম্পর্কিত খবর :