২০ বছর পর বুধবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনী জনসভায় যোগ দিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর নেতাকে বরণ করতে প্রস্তুতির ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, ঐতিহাসিক বেলস পার্ক পরিণত হবে জনসমুদ্রে।
জানা যায়, প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাবেন তারেক রহমান। সবশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এ সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি।
এরইমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।
স্থানীয় নেতাদের দাবি, বিএনপির হাত ধরে বরিশাল বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এই ধারাবাহিকতা থাকবে বলে আশা তাদের।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘শুধু বিএনপির-অঙ্গ সংগঠনের নয়, সারা বরিশালবাসী জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
বুধবার দুপুর ২টায় বেলস পার্ক ময়দানে শুরু হবে জনসভা । আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এ জনসভা বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির বিজয় ত্বরান্বিত করবে বলে মনে করেন বিএনপির এ নেতা।