ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল, পরীক্ষা বর্জনের ঘোষণা
মব সন্ত্রাসের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ এবং আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে বিক্ষোভ ও মশাল মিছিল করছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের লতিফ হল হয়ে সাত রাস্তায় মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক পলিটেকনিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে শিক্ষার্থীরা নির্বাচনবিরোধী সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা আন্তঃমন্ত্রণালয় কমিটিকে কারিগরি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারা নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেন।
মিছিল পরবর্তী সময়ে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট মেধা শহিদ চত্বর থেকে আন্দোলনকারীর ঘোষণা দেন আগামীকালের (আজ মঙ্গলবার) অনুষ্ঠিতব্য পরীক্ষা বর্জন এবং সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচির।