১২ ফেব্রুয়ারি দেশের মানুষ লাল কার্ড দেখাবে: জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ‘গত ৫৪ বছর ধরে যে রাজনীতি দফায় দফায় ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই নির্বাচন সেই পচা ঘুণে ধরা রাজনীতিকে বিদায় জানানোর, লাল কার্ড দেখানোর নির্বাচন। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ লাল কার্ড দেখাবে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর আরও বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ তারিখ দাড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।’
তিনি বলেন, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী নতুন একটি বাংলাদেশ পাবে।’
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।