খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খায়রুল বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তার ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
একই সঙ্গে, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন সংক্রান্ত কিংবা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো প্রার্থী নেই। ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’-এর পারস্পরিক সমঝোতা অনুযায়ী এ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত।