Search

Search

দিনাজপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমীরের

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বৃহত্তর জেলা হিসেবে অনেক জায়গায়ই জেলা হেডকোয়ার্টার হয়েছে সিটি করপোরেশন। আপনারা কি সিটি করপোরেশন পেয়েছেন? পান নাই। কেন? আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ ভাই? এ সৎ ভাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না, তার অধিকার দিতে চায় না। আমরা এই বৈষম্যকে খতম করব ইনশাআল্লাহ।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ময়দানে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ‘আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়; আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সঙ্গে আশ্বস্ত করছি-দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে। সিটি করপোরেশন হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা চাই, উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষিতে আর পুরনো ধাঁচ এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্পমূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরাই জমির উৎপাদন বাড়িয়ে তুলব ইনশাআল্লাহ।’

ক্ষমতায় গেলে দিনাজপুরের মানুষ গ্যাস পাবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামীর আমীর।

সম্পর্কিত খবর :