শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামি রুবেল গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রুবেলকে তার বাড়ির পাশের বিল থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গতকাল রোববার হাইকোর্ট ওই মামলার প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতীর বনগাঁও এলাকায় অভিযান চালায়। পরে বিলের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের শেরপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আমাদের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা বলেন, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী অভিযান চলমান রয়েছে। রুবেলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
গত ২৮ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার দুই দিন পর ৩০ জানুয়ারি রাতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বাদী হয়ে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে এ হত্যা মামলায় আগাম জামিন চেয়ে ১ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে প্রধান আসামিসহ ৪০ জন হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে পরদিন ২ ফেব্রুয়ারি হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য তাদের আগাম জামিন মঞ্জুর করেন।