Search

Search

ময়মনসিংহসহ তিন জেলায় জামায়াত আমীরের জনসভা আজ

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের জনসভায় অংশ নিবেন জামায়াতের আমীর শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠের জনসভায় বক্তব্য দিবেন জামায়াতের আমীর। এরপর দুপুরে অংশ নিবেন ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায়। বিকেলে গাজীপুরের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের প্রার্থীদের বিজয়ী করতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন জামায়াতের আমীর।

জনসভাগুলো ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে গত কয়েক দিন ধরেই চলে ব্যাপক প্রস্তুতি।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী লড়াইয়ে জামায়াতে ইসলামী চারটিতে (ময়মনসিংহ-৪, ৫, ৬ ও ১০) নিজস্ব প্রার্থী দিয়েছে। বাকি সাতটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১১-দলীয় জোটের শরিকদের।

সমঝোতা অনুযায়ী, ময়মনসিংহ-১ ও ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ-৩ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ময়মনসিংহ-৮ আসনে এলডিপি, ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং ময়মনসিংহ-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করছে।

আজকের জনসভায় ১১টি আসনের সকল দলীয় ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চাইবেন শফিকুর রহমান।

সম্পর্কিত খবর :