রাজধানীর বনশ্রীতে প্রাইভেটকার চাপায় অটোরিকশাচালক নিহত
রাজধানীর বনশ্রীতে প্রাইভেটকার চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল এ তথ্য জানান।
হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে শাহিন। বর্তমানে মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকতেন।
এসআই অনয় চন্দ্র পাল বলেন, বনশ্রীর মেরাদিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকারটি মো. শাহিনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রাইভেটকার (রাইড শেয়ারিং) চালক নওয়াব আলী (৭৪) আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আটক চালকের বাড়ি শরীয়তপুর।