ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে চালক ও আরোহী নিহত হন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন- ঢাকার মুগদা এলাকার আরিফ (৪৫) ও ফরিদপুরের মামুন (৩৫)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।