ভারতের ওপর শুল্ক ১৮ শতাংশে নামালেন ট্রাম্প
ভারতের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প জানান, চুক্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বাস দিয়েছেন, দেশটি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে।
দিল্লি-ওয়াশিংটন চুক্তির পর এখন ট্রাম্প বলছেন, ভারতের পণ্যের ওপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি। এর আগে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় দিল্লির ওপর পরে আরও ২৫ শতাংশ শুল্কারোপকরে ওয়াশিংটন।
পরে মোদি সোমবার জানান, ট্রাম্পের সঙ্গে তার ‘দারুণ’ ফোনালাপ হয়েছে। ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে আনায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান। তবে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে, ট্রাম্পের এমন দাবি নিয়ে কোনো কথা বলেননি মোদি।
ওয়াশিংটনের দাবি, রাশিয়া তেল বেচে যুদ্ধের অর্থ যোগাড় করছে। আর রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারত প্রত্যক্ষভাবে ইউক্রেনে হামলায় মস্কোকে মদদ দিয়ে যাচ্ছে। এ নিয়ে বেশ কয়েক মাস ধরেই দিল্লি-ওয়াশিংটন টানাপোড়েন চলছে।
চুক্তির পর নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের খাতিরে এবং তার অনুরোধে অবিলম্বে কার্যকর হবে এমন একটি বাণিজ্যচুক্তিতে আমরা সম্মত হয়েছি।
গেল বছরের এপ্রিলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ওই শুল্কারোপ করে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এখন নানা দেন-দরবারের পর ভারতের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করল ওয়াশিংটন।
এদিকে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করে নেওয়া হবে।