আপিল বিভাগে সুখবর পেলেন বিএনপির ৩ প্রার্থী
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর ও শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
তবে তাদের বিরুদ্ধে করা লিভ টু আপিলেরও অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফলও প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপি এবং শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই তিন আসনের জামায়াতের প্রার্থীরা।
বিএনপির তিন প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলছেন, এই প্রার্থীদের নিয়ে যে প্রচারণা করা হচ্ছে তা অতিরঞ্জিত। তারা ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক নন।
আর আপিলকারী জামায়াতের আইনজীবীরা বলছেন, যারা জনগণেন টাকা পরিশোধ করে না, তাদের বিষয়ে সিদ্ধান্ত দিবে জনগণ।