প্রজাতন্ত্র দিবসে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে জামায়াত নেতারা
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এতে অংশগ্রহণ করেন জামায়াত নেতারা।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।
এ সময় প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।