বিএনপির জোট ছাড়লেন মান্না, এককভাবে নির্বাচনের ঘোষণা
বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী জোট থেকে সরে দাঁড়িয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন দল নাগরিক ঐক্য।
দলীয় সূত্রে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত হলেও বিএনপির কাছ থেকে প্রত্যাশিত ছাড় না পাওয়ায় নাগরিক ঐক্য জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। বিশেষ করে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী আসন বগুড়া-২ এ বিএনপি ধানের শীষ প্রতীকে শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষ মুহূর্ত পর্যন্ত ওই মনোনয়ন প্রত্যাহার না করায় সংকট আরও ঘনীভূত হয়।
নাগরিক ঐক্যের নেতারা জানান, বিষয়টি নিয়ে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতেই দলটি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
জরুরি সংবাদ সম্মেলন ডেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দলের ১২ জন প্রার্থীর নাম প্রকাশ করেন।