শৌচাগার থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
বাগেরহাটে শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির শৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা খাতুন সীমা (২৮) যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। তাদের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, 'খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ ও শরীরে রক্ত রয়েছে'।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ রান্নাঘরে রান্না করছিলেন। সাড়ে ১২টার দিকে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ আটকা থাকায় নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে যায়। তখন তার দাদা উঁকি দিয়ে পুত্রবধূকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, 'যতদূর জেনেছি ওই নারী একজন মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা গ্রহণের কাগজপত্র পর্যালোচনায় পাওয়া যায়। এর আগে গলায় গামছা দিয়ে গিট বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সব বিষয় মাথায় রেখে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে'।