রাঙামাটিতে লক করা হলো পোস্টাল ভোট বক্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেরাঙামাটিতেব্যালট বক্স বন্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা পোস্টাল ভোট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি নির্ধারিত নিয়ম মেনে ব্যালট বক্স সিলগালা প্রক্রিয়া সম্পন্ন করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রার্থীদের প্রতিনিধিরা।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘পোস্টাল ব্যালটে রাঙামাটি জেলায় ৫ হাজার ৩৬০ জন আবেদন করেছেন। আবেদনকারীদের জন্য আজ আমরা ১৩টি ভোট বক্স লক করেছি। প্রতিদিন যে পরিমাণ পোস্টাল ভোট জমা হবে তার তালিকা প্রতিদিন অফিস সময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় শহরের জিমনেসিয়ামে পোস্টাল ভোট গণনা করা হবে।’
নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।