Search

Search

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়ায় হামলা-অগ্নিসংযোগ, ৬ জনকে কুপিয়ে জখম

জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর চালায় স্থানীয় বিএনপি কর্মীরা | স্টার নিউজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়া ও ধানের শীষের পক্ষে কাজ না করায় এক জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ এবং হত্যার উদ্দেশ্যে ৬ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হক বলেন, আজ (সোমবার) সকালে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কবির হোসেনের বাড়িতে গিয়ে জামায়াতে ইসলামী ত্যাগ করে বিএনপিতে যোগদান করে দাড়িপাল্লার পরিবর্তে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলে।

তিনি বলেন, আনোয়ার হোসেনের প্রস্তাবের রাজি না হওয়ায় দুপুরে সে সন্ত্রাসীদের দিয়ে হামলা করে এবং কবির হোসেনের বাড়ির লোকজনকে কুপিয়ে আহত করে। ৫০ থেকে ৬০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে হামলার পাশাপাশি বোমা হামলা করে ত্রাসের সৃষ্টি করে।

তবে এ বিষয়ে কথা বলার জন্য আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনায় বিকেলে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমান বলেন, মৌখিকভাবে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি পাঠানো হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সম্পর্কিত খবর :