যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে এসে নারী আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন আমেনা আক্তার (৩২) নামে এক নারী। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটক নারী রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ভিটিকান্দি এলাকায় অবস্থান নেয়। এ সময় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তার ভ্যানিটি ব্যাগে থাকা অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি কোনো চক্রের হয়ে এই এলাকায় অস্ত্রটি বিক্রি বা সরবরাহ করতে এসেছিলেন।
আটক নারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।