নারী কর্মীদের বাধা দেওয়ার অভিযোগে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামির নারী কর্মীদের ভোট প্রার্থনায় বাধা ও অবরুদ্ধ করার অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারসহ ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ অন্তত ৫ জন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত রুপক কর জানান, বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নারী কর্মীরা ভোট প্রার্থনা করার জন্য উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে গেলে বিএনপি সমর্থক এক নারীর সাথে কথা কাটাকাটি হয়।এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নারী কর্মীদের ভোট প্রার্থনায় বাধা সৃষ্টি করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা জামায়াত, যুব জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় বিএনপি নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সাদসহ অন্তত ৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় জামায়াত নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।