হাতিয়ায় ফেরি মাস্টারকে হুমকি: বন্ধের পর প্রশাসনের হস্তক্ষেপে চলাচল স্বাভাবিক
নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরির মাস্টারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে। এরপর প্রশাসনের সহযোগিতায় বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
তিনি জানান, তুচ্ছ ঘটনায় ফেরি মাস্টারকে হুমকি দেওয়ায় নিরাপত্তার খাতিরে ফেরিটি কিছুক্ষণ মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছিল। যারা হুমকি দিয়েছে, পুলিশের সহায়তায় তাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। ফেরি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
প্রাথমিক তদন্তে ফেরি বন্ধের হুমকির ঘটনায় ইউসুফ খাঁন ও আব্দুল হান্নান শাহিনের নাম উঠে এসেছে। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সেটি আব্দুল হান্নান শাহিনের নামে নিবন্ধিত।
উল্লেখ্য, শাহিন ‘এসটি শৈবাল’ ও ‘এসটি সাঙ্গু’ নামের দুটি সি-ট্রাকের ইজারাদার এবং বর্তমানে সেগুলো পরিচালনা করছেন।
ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে আটকা পড়া যানবাহন ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে প্রশাসনের তড়িৎ পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ফেরি মাস্টারকে হুমকির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।