কিশোরগঞ্জ-২
বিএনপি প্রার্থীর আগমন ঘিরে স্কুল শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দীনের আগমনকে কেন্দ্র করে স্কুল শিক্ষার্থীদের ব্যবহার করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রার্থীর নামে স্লোগান দিতে বলা হচ্ছে- যা নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সরকারি শিক্ষক আতাউর রহমান বকুল শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দিতে নির্দেশ দেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের ‘ধানের শীষে ভোট দিন’- এমন স্লোগান দিতে উৎসাহিত করেন।