Search

Search

জামায়াতে ভোট দিলে রগ কাটার হুমকি কৃষকদল নেতার

নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন মক্কেল মৃধা | ভিডিও থেকে সংগৃহীত
জামায়াতের কেউ ভোট কেন্দ্রে আসলে বা ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন এবং ওই ঘটনার মামলার প্রধান আসামি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কেল মৃধার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়িতে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন।

মক্কেল মৃধা বলেন, ‘আমার বাড়ির সবকিছু জামায়াত নেতারা লুট করে নিয়েছে। জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। জামায়াতকে যারা ভোট দিবে তাদের রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় আমি তাদের রগ কাটবো। আওয়ামী লীগ আমরা ভাই ভাই ধানের শীষে ভোট চাই।’

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি, লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়, পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আলোচিত মক্কেল মৃধা।

সম্পর্কিত খবর :