তাহলে কি সত্যি সত্যিই বিয়ে করছেন দেবস্রি অন্তরা-আবীর সাদাফ
গত দুই সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় একটি নাম ঘুরে ফিরে আসছে- দেবস্রি অন্তরা ও আবীর সাদাফ। নদীর পাড়ে পাশাপাশি বসে থাকা, একে অপরের কাঁধে ভর দেওয়া, নরম আলোয় ধরা পড়া ঘনিষ্ঠ মুহূর্ত- সব মিলিয়ে যেন একেবারে বাস্তব প্রেমের গল্প। অথচ বাস্তবতা হলো, এই ছবিগুলো এআই-জেনারেটেড বাস্তবসম্মত ভিজ্যুয়াল।
তবুও গুঞ্জন থামেনি। আগুনে ঘি পড়ে যখন আবীর সাদাফ নিজের ফেসবুক পোস্টে লেখেন- “It’s official | 13.02.2026”
আর কমেন্ট সেকশনেই দেবস্রি অন্তরার বিস্ফোরক মন্তব্য- “বিয়ে করছি আমরা, নির্বাচনের পর!”
এরপর মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। শুভেচ্ছা, অভিনন্দন, ইনবক্স ভরা বার্তা, ফোন কল- এমনকি একাধিক ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি হাউস সরাসরি যোগাযোগ করে তাদের বিয়ের কাভারেজ করতে আগ্রহ প্রকাশ করে। ভক্তদের কেউ উচ্ছ্বসিত, কেউ হতবাক, কেউ ঈর্ষান্বিত। প্রশ্ন একটাই- তারা কি সত্যিই প্রেম করছেন? নাকি প্রেম থেকে ইতিমধ্যে পরিণয়?
তবে অনুসন্ধানে জানা যায়, এই পুরো ঘটনাপ্রবাহ আসলে একটি পরিকল্পিত, সাহসী ও ব্যতিক্রমী প্রোমোশনাল স্টান্ট- যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন একটি সংগীত প্রকাশ।
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ব্যান্ড এক্সকেইপ এর নতুন গান ‘আমি পাখি হবো’, যেখানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ ও দেবস্রি অন্তরা। গানটির জন্য নির্মিত হয়েছে একটি এআই ভিত্তিক বাস্তবিক ধাচের মিউজিক ভিডিও যা বাংলাদেশি সংগীত জগতে এখনো তুলনামূলকভাবে নতুন ধারণা।
এর আগে দু’জন তাদের সোশ্যাল মিডিয়া স্টোরিতে আরেকটি এআই কোলাজ শেয়ার করেন, যেখানে লেখা ছিল— “Love Birds, are you ready?”
এই একটি লাইনই যেন পুরো গসিপকে আগুন ধরিয়ে দেয়।
গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের গিটারিস্ট কাজী রিন্টু এবং আবীর সাদাফ, মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিলো হাইপার কাট্স প্রোডাকশন।
তবে ‘আমি পাখি হবো’ শুধুই একটি ভালোবাসা দিবসের জন্য নির্মিত গান নয়।এই গানটি এসেছে একটি বৃহৎ আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ হিসেবে - “Strings Beyond Borders (Music Without Passport)”, যা পরিচালনা করছে এজেন্সি এন্টস্ফেয়ার ৩৬০।
এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। যেখানে আমরা হিন্দি, উর্দু, তেলেগু কিংবা ইংরেজি গান শুনি, এমনকি আন্তর্জাতিক শিল্পীদের লাইভ শুনতে নিয়ে আসি বাংলাদেশে তখন ও তাদের ভাষায় তারা আমাদের জন্য গান করেন- সেখানে বৈশ্বিক সংগীত বাজারে বাংলা গানের উপস্থিতি মাত্র ২ শতাংশের কাছাকাছি। বাংলাদেশি শিল্পীরা ও দেশের বাইরে যাচ্ছেন তবে তারা গান শুনিয়ে আসছেন শুধু প্রবাসী বাঙালিদের, ঐ ভাষার মানুষদের নয়।
প্রশ্নটা সেখানেই— কেন বাংলা গান বিশ্বমুখী হবে না?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই Strings Beyond Borders। ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন শিল্পীদের নিয়মিত গান প্রকাশের পাশাপাশি দেশি-বিদেশি শিল্পীদের যৌথ প্রজেক্টেও কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিকে, এই প্রজেক্টে দেবস্রি অন্তরার যুক্ত হওয়াও বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালে প্রীতমের সঙ্গে মেগাস্টার শাকিব খানের 'তুফান' সিনেমায় তার প্লেব্যাক গান ‘লাগে উরা ধুরা’ ব্যাপক জনপ্রিয়তার পর, তিনি দীর্ঘ সময় সংগীত অঙ্গনে তুলনামূলকভাবে অনুপস্থিত ছিলেন। স্বাস্থ্যগত জটিলতার কারণে কাজ কমিয়ে দিতে হলেও সংগীতের সঙ্গে তার সংযোগ কখনো ছিন্ন হয়নি।
এই প্রসঙ্গে দেবস্রি অন্তরা বলেন— “লাগে উরা ধুরা- এর পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনো আমাকে ছাড়েনি। 'আমি পাখি হবো' আমার কাছে এক ধরনের নতুন শুরু- আর এটাই আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর Strings Beyond Borders–এর ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই এক্সাইটেড, এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।”
এন্টস্ফেয়ার ৩৬০ এর সিইও ও এক্সকেইপ এর ভোকালিস্ট আবীর সাদাফ এই উদ্যোগকে তার ‘চাইল্ড প্রজেক্ট’ হিসেবে দেখছেন। তার মতে, সঠিক প্ল্যাটফর্ম ও শিল্পীদের সম্মিলিত সহযোগিতা পেলে এই প্রজেক্ট বাংলা সংগীতকে আন্তর্জাতিক পরিসরে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ইতোমধ্যেই দেশের একাধিক পরিচিত শিল্পী এই উদ্যোগের ভবিষ্যৎ রিলিজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
তাহলে প্রশ্ন থেকেই যায়— এই প্রেম, বিয়ে আর এআই ছবির গল্প কি শুধুই গসিপ?নাকি এটি বাংলা সংগীতের এক নতুন গ্লোবাল যাত্রার সূচনা?সব উত্তর মিলবে খুব শিগগিরই- ভালোবাসা দিবসে এক্সকেইপ ফিচারিং দেবস্রি অন্তরা– ‘আমি পাখি হবো’ গানে।