নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ নারী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই ভবনের চতুর্থ তলায় বসবাসরত এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আহত নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ওই নারীর নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ওই নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ভবনের আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।