১২ ফেব্রুয়ারির ভোট নিয়েও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করছেনবিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 'একটি দল প্রবাসী ভাইদের ব্যালট পেপার নিশিরাতের নির্বাচনের মতো দখল করে নিয়েছে'। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, '১৯৭১ সালে দলমত নির্বিশেষে সব ধর্ম ও বর্ণের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। ঠিক তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট সব মতের মানুষ রাজপথে নেমে একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে। জনগণ ঐক্যবদ্ধ হওয়ায় স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে'।
তারেক রহমান আরও বলেন, 'বাংলাদেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু বিগত সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও একটি ঘটনারও বিচার হয়নি। দেড় হাজার মানুষের জীবন ও প্রায় ২০ হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে স্বাধীনতা রক্ষা করা হয়েছে, তাকে অর্থবহ করতে হবে। সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে'।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'ভোট নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে তাহাজ্জুদ পড়ে বাড়ি থেকে বের হতে হবে, ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। বুথ খোলামাত্র ধানের শীষ ও জোট প্রার্থীদের ভোট দিতে হবে। তাহলেই বিজয় সুনিশ্চিত হবে।'
তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের খেজুর গাছ প্রতীক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জোট প্রার্থী জোনায়েদ সাকির মশাল প্রতীকে ভোট চেয়ে বলেন, 'আন্দোলনে যারা পাশে ছিলেন, গণতন্ত্রকামী মানুষের পাশে ছিলেন—তাদেরও বিজয়ী করতে হবে'।
বিএনপি সরকার গঠন করলে ভাঙাচোরা সড়ক সংস্কার, স্কুল-কলেজ মেরামত, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকদের জন্য সার-বীজ ও ঋণ সরাসরি পৌঁছে দেওয়া, তরুণ ও বেকারদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। পাশাপাশি ভরাট খাল পুনঃ খননের মাধ্যমে কৃষকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপি প্রার্থী এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী এডভোকেট এম এ মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জোট প্রার্থী জুনায়েদ সাকি।