হিলি স্থলবন্দরে ফের চাল আমদানি শুরু
দীর্ঘ ১ মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানির অনুমতিদেওয়ায় পুনরায় এই আমদানি কার্যক্রম শুরু হয়।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মেসার্স ডি পি এন্টারপ্রাইজ নামের একটি আমদানি-কারক প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ভারতীয় ট্রাকে করে মোট ৭৭ মেট্রিক টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করে।হিলি কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, হিলি বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর।দীর্ঘদিন পর আবারও চালের এই প্রথম চালান বন্দরে প্রবেশ করায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গেল ১৮ই জানুয়ারি অনুমতি দেওয়ার পর আজ থেকে আমদানি-কারকরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। আমদানিকৃতএ চালের মান পরীক্ষা-নিরীক্ষা করে ছাড় করণের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানি-কারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে।