আল হিলালে বেনজামা, রোনালদোর শিরোপা স্বপ্নে নতুন বাধা
সৌদি প্রো লিগের শিরোপা দৌড় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকতে বড় চমক দিল আল হিলাল। আল ইত্তিহাদ ছেড়ে করিম বেনজামা যোগ দিলেন সৌদি ফুটবলের অন্যতম সফল এই ক্লাবে।
আল হিলালে বেনজামার অন্তর্ভুক্তি শিরোপা প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের জন্য বাড়তি চাপ তৈরি হলো। দুই দলই এখন শিরোপার দৌড়ে সমানতালে লড়ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেনজামা। তার আগমনে দলটির আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে, তিন মৌসুম সৌদি প্রো লিগে খেলেও এখনো লিগ শিরোপার দেখা পাননি রোনালদো। বেনজামার এই দলবদলে সেই অপেক্ষা আরও কঠিন হয়ে গেল বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, গত মৌসুমে আল ইত্তিহাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সৌদি প্রো লিগ ও কিংস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেনজামা।
এছাড়া সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে আল হিলাল ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, যা সৌদি ফুটবলের শক্তিমত্তাই নতুন করে তুলে ধরেছে।