জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ
জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুই জনকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলার রায় কবে হবে তা জানা যাবে ১৫ ফেব্রুয়ারি।
এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিকে, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ১৯ ফেব্রুয়ারি তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ২৩ জনকে হত্যাসহমানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, ২০১৬ সালে জঙ্গি সাজিয়ে গাজীপুরের পাতারটেকে ৭ জনকে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
অন্যদিকে, র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় দ্বিতীয় সাক্ষীকে জেরা করে আসামিপক্ষ। এছাড়া, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল–২ এ তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।