Search

Search

মুছাব্বির হত্যা

‘শুটার’ রহিম ৫ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির | ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার শুটার রহিমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

শুটার রহিমের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম। পরে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার ভোরে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসার পরে আমরা রাষ্ট্রপক্ষে তার সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করি। যেহেতু আসামি রহিম প্রধান শুটার হিসেবে গ্রেপ্তার হয়েছেন। এজন্য তাকে রিমান্ডে নিলে এ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড প্রয়োজন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শুটার রহিম মুছাব্বির হত্যা মামলায় সরাসরি জড়িত মর্মে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এ হত্যা মামলায় ইতোমধ্যে আরেক শুটার জিন্নাত দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সেখানে জিন্নাত শুটার রহিমের কথা বলেছেন। এছাড়াও বিভিন্ন সিসি ফুটেজ ভিডিও দেখে তজর ঘটনাস্থলে থাকার সাথে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে সাত দিনের রিমান্ডে পাঠানো প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, প্রতিদিনের মত গত ৭ জানুয়ারি আজিজুর রহমান মুছাব্বির বন্ধুদের সঙ্গে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় আড্ডা দেন। আড্ডা শেষে রাত ৮ টার ১০ মিনিটের দিকে বাসা উদ্দেশ্যে রওনা দেন। ১০ মিনিট পর তেজতুরি বাজারের আহসানউল্লাহ ইন্সটিটিউটের সামনে গতিরোধ করে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন তাকে গুলি করে। আসামিদের ছোঁড়া গুলির আঘাতে মোসাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা সুফিয়ান বেপারী মাসুদ ভুক্তভোগী মুছাব্বিরকে বাঁচাতে আসলে আসামিরা তাকেও গুলি করে। আসামিরা মৃত ভেবে পালিয়ে গেলে আশেপাশের লোকজন তাদের হাসপাতালে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করে। মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়। ওই ঘটনায় গত ৭ জানুয়ারি মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

সম্পর্কিত খবর :