গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন দালাই লামা
তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার প্রথমবারের মতো জিতলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন তিনি।
গ্র্যামি জিতে দালাই লামা জানান, এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের চেয়েও মানবজাতির সামষ্টিক দায়িত্বের প্রতিফলন।
রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিট) অনুষ্ঠিত এবারের গ্র্যামিতে ‘বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে বিজয়ী হন দালাই লামা। তার অডিও অ্যালবাম ‘ম্যাডিটেশন: দ্য রিফলেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা’–এর জন্য এই সম্মাননা দেওয়া হয়।
সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও ফ্যাব মরভান।
দালাই লামার প্রকল্পটিতে সহযোগিতা করেছেন সারোদ বাদক আমজাদ আলী খান এবং তার ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। এই অ্যালবামের বৃক্ততায় দালাই লামা ভারতীয় ধ্রুপদি সংগীত মিশিয়ে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন।