নীলফামারীতে 'ভুয়া পুলিশ' অপবাদে পিবিআইয়ের ওপর হামলা, আসামি ছিনতাই
নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে 'ভুয়া ডিবি পুলিশ' বলে গুজব ছড়িয়ে এই হামলা চালানো হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের মারধর করে মহসিন আলী মন্টু নামের এক আসামিকে ছিনিয়ে নেয়।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মহসিন আলী মন্টুর বাড়ি শহরের মুন্সিপাড়ায়। তার গার্মেন্টস ব্যবসা রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার প্রতারণা মামলার এক আসামি ধরতে পিবিআইয়ের তিন সদস্যের একটি দল সৈয়দপুরের খালেদ মার্কেটে অভিযানে যায়। ওই মার্কেটের ব্যবসায়ী মহসিন আলীকে আটক করে মাইক্রোবাসে তোলার সময় তিনি চিৎকার করে স্থানীয়দের জানান, তাকে ভুয়া ডিবি পুলিশ অপহরণ করছে। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে মব সৃষ্টি করে এবং পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়। উত্তেজিত জনতা পিবিআইয়ের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করলে সেই সুযোগে আসামি মহসিন পালিয়ে যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, 'খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পিবিআই সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে'।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তার দল সেখানে গিয়েছিল। স্থানীয়দের বিভ্রান্ত করে আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।