‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন’
নির্বাচনী পথসভায় যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেছে, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, তাই আপনারা ধানের শীষকে ভোট দেবেন।’
সম্প্রতি বিএনপির এই প্রার্থী হিন্দু অধ্যুষিত উপজেলা ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এমন বক্তব্যে বিভিন্ন রাজনীতিক দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
রশিদ আহমাদ জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বিএনপি শরীক দল হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে আসনটিতে নির্বাচন করছেন।
তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশীদ আহমাদকে বলতে দেখা যায়, ‘এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন; নিষিদ্ধ যত রাজনীতিক দল ছিল, সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দিবেন।’
তিনি আরও বলেন, ‘এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে, তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন।’
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের কাছে টানতে এ ধরণের প্রতিশ্রুতি দিচ্ছেন।
জুলাইযোদ্ধা সংগঠনের যশোরের আহ্বায়ক এ বি আহাদ হোসাইন বলেন, ‘বিএনপির প্রার্থীর বক্তব্যটি শুনেছি। এখনও ফ্যাসিস আওয়ামী লীগের হত্যা, গুম খুনের বিচার পেলাম না। এখনও জুলাই যুদ্ধাদের রক্তের দাগ শুকায়নি। তারে আগেই একটি দল তাদের ফিরিয়ে আসার চেষ্টা করছে। নতুন বাংলাদেশে আমাদের কাম্য নয়। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো। যারা ফ্যাসিস আওয়ামী লীগকে ফিরিয়ে আসার সহযোইগতা করবে; তাদেরকে জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি।’
এ বিষয়ে মনিরামপুর আসনের ধানের শীষের প্রার্থীর রশীদ আহমাদ বলেন, ‘আমার ঐ বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য। বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। সেটার উদাহরণ হিসাবেই বক্তব্যটি দিয়েছি। ওটা নিয়ে আমার প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল অবলম্বন করছে।’