জয়পুরহাট-২ আসন
বিএনপি নেতার বাড়িতে খিচুড়ি ভোজের আয়োজন, দলীয় প্রার্থীকে শোকজ
নির্বাচনী পথসভায় উপস্থিত নেতা-কর্মীদের আপ্যায়নে খিচুড়ি রান্নার অভিযোগে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়। আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে বিএনপির দলীয় প্রার্থী মো. আব্দুল বারী নির্বচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির শোকজের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বলেন, আমি পথসভা ও খিচুড়ি রান্না বিষয়ে অবগত ছিলাম না। কেউ হয়তো আমাকে বিতর্কিত করতে এমন কাজ করেছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী বাড়ির উঠানে খিচুড়ি রান্না করা হচ্ছিলো। তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না করা হয়েছে। আরও দুটি বড় পাতিলে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির লোকজন দেখে রান্নার দায়িত্বে থাকা লোকজন পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারে, এই আসনের বিএনপির দলীয় প্রার্থী মো. আব্দুল বারীর নির্বাচনী পথসভা রয়েছে। পথসভায় উপস্থিত লোকজনদের আপ্যায়ন করতে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি বড় পাতিলে রান্না করা খিচুড়ি ও অব্যবহৃত চাল-ডাল, তেলসহ রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মশলা জাতীয় উপাদান জব্দ করা হয়।
পরে জব্দ করা খিচুড়ি ও অন্যান্য উপাদান বিভিন্ন উপাদান এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। নির্বাচনী সময়ে এ ধরনের খাবারের আয়োজন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
নির্ধারিত সময়ে উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।