ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত
ঝিনাইদহ জেলার শৈলকুপায় ট্রাক চাপায় মুফা মালিথা (৪২) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।নিহত মুফা মালিথা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের শৈলকুপা উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুফা মালিথা বাইসাইকেল চালিয়ে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে ঝিনাইদহ অভিমুখী একটি ট্রাক বাইসাইকেল চালককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।