বাংলাদেশ–জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি সাইডা শিনিচি।
সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের নিবিড় ও ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে। চুক্তিটি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার প্রতিফলন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যকর ও দূরদর্শী কূটনীতির ফল।
এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত এই চুক্তির মাধ্যমে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি অধিগ্রহণ, পাশাপাশি যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে। এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
এছাড়া, এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।