Search

Search

‘নির্বাচনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বিজিবি’

কথা বলছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান | ছবি: ভিডিও থেকে নেওয়া
নির্বাচনে কোন সহিংসতা হলে প্রাণঘাতী অস্ত্র ব্যাবহারে আগ্রহী নয় বিজিবি। তবে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

জানানো হয়, সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট আয়োজনে সারাদেশে মোতায়েন হয়েছে বিজিবি।

ঢাকা সেক্টরের নয়টি জেলা ও চারটি সিটি করপোরেশনের মোট ৫২টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্পে দায়িত্ব পালন করবে। চলছে বিশেষ তল্লাশি কার্যক্রম এর প্রস্তুতিও।

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।

রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই এই প্রস্তুতি বলে জানায় বিজিবি।

কর্নেল এস এম আবুল এহসান জানান, বডি অন ক্যামেরাসহ প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। তবে সহিংসতার ঘটনা ঘটলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে আগ্রহী নয় বিজিবি।

বিজিবি জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

তিনি জানান নির্বাচনকে ঘিরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত বিজিবি।

সম্পর্কিত খবর :