Search

Search

নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, আহত ২

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির একটি নির্বাচনী ক্যাম্প | ছবি: স্টার নিউজ
নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর এবং দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিংড়া সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এনসিপির নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর।

আহতরা হলেন- সুংড়ার মৌগ্রাম এলাকার লালমন সরকারের ছেলে সুলতান সরকার এবং মহসীন আলীর ছেলে আব্দুল আহাদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সুলতান সরকার বলেন, রোববার রাতে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫–৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে ভুঁড়ি ভোজের আয়োজন করেন। এ সময় কার্যালয়ে অবস্থানরত এনসিপির সমর্থকরা তাদের কার্যালয়ের সামনে থেকে সরে অন্যত্র পিকনিক করার অনুরোধ জানান।

এ নিয়ে সেখানে উপস্থিত এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে বিএনপি কর্মীরা এনসিপির নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং এনসিপি কর্মী আহাদ আলী ও সুলতানকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বলেন, এনসিপি কর্মীরাই নিজেদের অফিসের চেয়ার ভাঙচুর করেছে। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

এ বিষয়ে সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত খবর :