রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি। ফলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের উদ্দেশে কোনও গাড়ি ছেড়ে যায়নি।
সরকারি বাস বিআরটিসি চলাচল করলেও তাদের গাড়িও আটকে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের একটি বাস রাঙ্গামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে, কিন্তু চট্টগ্রাম-রাঙ্গামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেওয়ার কথা থাকলেও সেটা তারা দেয়নি। এতে বুধবার সমিতির নেতারা সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনো প্রকার ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।
চট্টগ্রাম-রাঙ্গামাটি মালিক সমিতি রাঙ্গামাটি অংশের সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, ‘শুনেছি চট্টগ্রামের রাউজান থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাউজানের সঙ্গে আলোচনা চলছে।’
উল্লেখ্য, রাঙ্গামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।