বান্দরবান: নাইক্ষ্যংছড়ি থেকে গণসংযোগ শুরু করবে এনসিপি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ শুরু করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীএস এম সুজা উদ্দিন।
দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় এক পথসভা ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম শুরু হবে।
এ দিন নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এনসিপির নেতাকর্মীরা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক রাজনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
জেলার এনসিপির নেতারা জানান, পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই তাদের প্রচারণা পরিচালিত হবে। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন দলটির নেতারা।
৩০০ নম্বর আসনে (বান্দরবান পার্বত্য জেলা) এনসিপি মনোনীত, ১০ দলীয় জোটের প্রার্থী এস এম সুজা উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে প্রচারণা ও গণসংযোগ শুরু হবে।