বাবরের নির্বাচনী প্রচারণায় স্ত্রী শ্রাবণী, করছেন গণসংযোগ-পথসভা
নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী। নির্বাচনের মাঠে সরাসরি নেমে তিনি আসনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও পথসভা করছেন।
প্রায় প্রতিদিনই খালিয়াজুড়ী উপজেলার বিভিন্ন গ্রামে পথসভায় অংশ নিচ্ছেন শ্রাবণী। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বাবরের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মীর্জা হায়দার আলী, খালিয়াজুড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন, উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক ছোটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, কৃষকদলের সভাপতি বাবু পাণ্ডব সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভিন্ন পথসভায় বক্তব্যে তাহমিনা জামান শ্রাবণী বলছেন, ‘আমি লুৎফুজ্জামান বাবরের পক্ষে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন, তিনি বলেছেন- ‘আমি নতুন জীবন পেয়েছি, এখন আমার একমাত্র কাজ মানুষের সেবা করা। নির্বাচিত হলে তিনি আপনাদের জন্য বাকি জীবন উৎসর্গ করবেন।’
তিনি আরও বলেন, ‘তিনি (বাবর) এই এলাকার মানুষকে অনেক ভালোবাসেন। ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আপনারা তাকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা নিয়েই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি।’
এদিন শ্রাবণী চানপুর, কৃষ্ণপুর, কল্যাণপুর, জাহেরপুর, উদয়পুর, বল্লবপুর ও জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন।
উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসনে বাবরের বিপরীতে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আল-হেলাল তালুকদার এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা ইলিয়াস হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানীসহ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। স্থানীয় ভোটাররা ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মূল লড়াই টা হলে বিএনপি ও জামায়াতের মধ্যে।