Search

Search

জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

যশোর শহরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ | ছবি: স্টার নিউজ
যশোর শহরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার ৩টি ইজিবাইকে করে শহরে মাইকিং করা হচ্ছিল। ইজিবাইকগুলো সন্ধ্যা পৌনে ৭টার দিকে তালতলা মোড়ে অবস্থান নিয়ে মাইকিং করছিল। এ সময় জামায়াতের শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে প্রচারণা বন্ধ করে দেয়। এরপর মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া শুরু করে। এতে প্রচারণা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে জামায়াতের প্রার্থীর পক্ষের মিছিল থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয়। হঠাৎ হামলার কারণে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, ‘মিছিল যাওয়ার সময় ইজিবাইকটি সরাতে অনুরোধ করা হয়। এ সময় একজন কর্মীর অসতর্কতায় ইজিবাইকে লাগানো ব্যানার একটু ছিড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জাতীয় পার্টির নেতাদের সাথে আমরা কথা বলেছি। দুঃখ প্রকাশ করেছি এবং তাদের ব্যানার তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছি। এটা সামান্য ঘটনা তিলকে তাল বানানোর চেষ্টা হচ্ছে।’

এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, ‘জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

সম্পর্কিত খবর :