Search

Search

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ

ছবি: স্টার নিউজ
নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখার নেতারাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও নবম পে-স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।’

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেত্রকোণা জেলা প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মো. সিরাজুল আলম, জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দার, সদস্য মোহাম্মদ আল-আমিন, নাসরিন আক্তার, মো. ইব্রাহিম, আল-আমিনসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না করা হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সম্পর্কিত খবর :