শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে তার গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন।
তারপর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন তারেক রহমান। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
এর আগে, সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।
উল্লেখ্য, সিলেট সফরে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।