Search

Search

চবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন চবি, রানার্সআপ নোবিপ্রবি

ছবি: স্টার নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব (আইইআরডিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটর্স অব চিটাগং ইউনিভার্সিটি ও রানার্সআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এতে আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় চট্টগ্রাম আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়। আন্তঃকলেজ পর্যায়ে বিজয়ী হয় হাজেরা তজু ডিগ্রি কলেজ ও দ্বিতীয় স্থান অধিকার করে বাকলিয়া সরকারি কলেজ।

আইইআরডিসি জানায়, এশিয়ান পার্লামেন্টারি বাংলা ফরম্যাটে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃস্কুল-কলেজ পর্যায়ে ১৪টি দল ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ১২টি বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহণ করে। চবি ছাড়াও ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা বিতার্কিকরা এতে অংশগ্রহণ করেন।

আইইআরডিসির সাংগঠনিক সম্পাদক ও চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, ‘একটি ডিপার্টমেন্টাল ক্লাব হলেও জাতীয় পর্যায়ের এমন আয়োজন আমাদের জন্য গর্বের। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগভিত্তিক ক্লাবের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এমন আয়োজন সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত।’

পুরস্কার বিতরণী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘প্লেটোর রিপাবলিক গ্রন্থের আলোকে থিসিস ও এন্টি-থিসিসের ধারাবাহিক অনুশীল করতে হবে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক পরিপক্বতা ও মননশীলতা বিকশিত হয়। বিতর্কের মাধ্যমে আমরা কেবল ইতিবাচক দিক নয়, সার্বিক দিক বিবেচনা করতে শিখি। বিতর্ক হয়ে উঠুক মুক্তচিন্তা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।’

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, ‘বিতর্ক আমাদের ব্যক্তিগত ও শৈক্ষিক জীবনে জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে পক্ষে ও বিপক্ষে উভয় দিক স্পষ্টভাবে উঠে আসে। আজকের বিতর্কের অন্তিম পর্বে উপস্থিত হয়ে আমি এই বিষয়টির প্রতিফলন দেখতে পেরেছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক মূল্যায়নও বিতর্কের মাধ্যমে দৃঢ় হয়।’

আইইআরডিসির উপদেষ্টা ও শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভালো বিতার্কিক হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য।’

সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড., হোসেন শহীদ সরওয়ার্দী, সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোছলেম উদ্দিন, চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেইন।

গতকাল ২৩ জানুয়ারি প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর :