প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে গণঅধিকারের ফারুকের প্রতিবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) জরিমানা করেন ঠাকুরগাঁও-২ আসনের জন্য নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ।
ফারুক হাসান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে টহলরত অবস্থায় ২/১টি রঙিন পোস্টার চোখে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যে পোস্টার দেখিয়ে জরিমানা করা হয়েছে এগুলো এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার। কোনো ভোট চাওয়ার বিষয়ে পোস্টার ছিল না।
এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টারের কারণে প্রশাসন জরিমানা করতে পারেন কি না প্রশ্ন তুলেন ফারুক হাসান।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতে ইসলামীর প্রার্থীদেরও রঙিন পোস্টার আছে। অথচ তাদেরকে কোনো জরিমানা করা হয়নি।
শনিবার (২৪ জানুয়ারি) জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ট্রাক এবং বাস নিয়ে উচ্চ শব্দ করে ঠাকুরগাঁও জেলায় জামায়াতে ইসলামীর আমীরের সমাবেশে উপস্থিত হন। প্রশাসন সামনে থাকলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানান ঠাকুরগাঁও-২ আসনের ট্রাক মার্কার প্রার্থী ফারুক হাসান।
তিনি বলেন, এভাবে চলতে থাকলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।