Search

Search

ঢাবির জগন্নাথ হল

পূজা মণ্ডপে ফুটে উঠল গণমাধ্যমে মবের চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পূজা মণ্ডপ | ছবি: স্টার নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবার ৭৬টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। তবে সব ছাপিয়ে আলোচনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মণ্ডপ। সম্প্রতি গণমাধ্যম কার্যালয়ে হামলার আদলে তৈরি করা হয়েছে তাদের থিম। যেখানে ফুটে উঠেছে সংবাদপত্রের স্বাধীনতা ও অশুভ শক্তির দমনের চিত্র।

শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা মণ্ডপ। এবার এখানে ছোট-বড় মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৭৬টি পূজা। প্রতিটি মণ্ডপই যেন নিজস্ব শিল্পকর্মে অনন্য। তবে উপাসনার পাশাপাশি প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের থিম।

​সম্প্রতি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে সমাজকে। সেই অন্ধকার অধ্যায়কেই মণ্ডপের থিম হিসেবে বেছে নিয়েছেন শিক্ষার্থীরা। যেখানে দেখানো হয়েছে, সংবাদপত্রের ওপর আঘাত মানেই গণতন্ত্রের ওপর আঘাত। তবে প্রতিকূলতা ছাপিয়েও সত্যের জয় হবে এমনটাই বিশ্বাস শিক্ষার্থীদের।

ধর্মীয় আচার আর শাস্ত্রীয় বিধানেও কোনো কমতি নেই। পুরোহিতরা প্রার্থনা করছেন দেশ ও দশের মঙ্গলে। তাদের মতে, পূজার মূল সুরই হলো অন্যায়ের বিনাশ আর ন্যায় প্রতিষ্ঠা।

​ঐতিহ্য আর আধুনিক ভাবনার এই মিশেলে জগন্নাথ হলের পূজা নতুন মাত্রা পেয়েছে। যেখানে উৎসবের রঙে মিশে আছে সমাজ পরিবর্তনের অঙ্গীকার।

সম্পর্কিত খবর :