হাদি হত্যা মামলা
৬ দিনের রিমান্ডে আসামি ফয়সালের সহযোগী
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদের ভূঞা।
এ সময় তদন্তকারী কর্মকর্তা হাদি হত্যার সাথে গ্রেপ্তার আসামি রুবেল জড়িত রয়েছে উল্লেখ করে বলেন, রুবেল হাদি হত্যার পর এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এছাড়া রুবেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘনিষ্ট বন্ধু। আসামি রুবেল কি কারণে ফয়সাল করিম মাসুদের সাথে যোগাযোগ করেছেন এবং এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে কিনা সে তথ্য উদঘাটনে জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায়, আসামি আত্মপক্ষ শুনানি করেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং এই হত্যার বিচার দাবি করে, ফয়সাল করিম মাসুদের সাথে মোবাইল ফোনে কথা বলা এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ বন্ধু বলে স্বীকার করেন।
বিচারক উভয় পক্ষের শুনানি শেষে বলেন, এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলা এবং আসামি নিজেও এটার সুষ্ঠু তদন্ত চান। তাই বিচারক সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।