মোহাম্মদপুরে বিস্ফোরকসহ ৩ নারী আটক
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় যৌথ অভিযানে একটি বাড়ি থেকে গ্রেনেড, ককটেল বোমা, গানপাউডার ও বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের শেরে বাংলা ক্যাম্প সূত্র জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্পের একটি দল ও মোহাম্মদপুর থানা পুলিশ ঢাকা উদ্যান এলাকায় একটি বাড়িতে যৌথ অভিযান চালায়।
অভিযানে সেখান থেকে ২টি লাইট গ্রেনেড, ১১টি ককটেল বোমা, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে ওই বাড়ি থেকে মুকতা আক্তার (২৫), নাজমা আক্তার (৪০) ও কাকলী আক্তার (৩১) নামে তিন নারীকে আটক করা হয়। তারা সবাই পলাতক ‘সন্ত্রাসী’ ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভ (৩৩)-এর স্ত্রী ও বোন বলে জানা গেছে। মাইনউদ্দিন ইসলাম শুভ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, মাইনউদ্দিন ইসলাম শুভ কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। উল্লেখ্য, ফয়সাল করিম দাউদ আলোচিত ওসমান হাদী হত্যা মামলার মূল আসামি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মাইনউদ্দিন ইসলাম শুভর ছিল বলেও তারা স্বীকার করেন।
এছাড়া জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর ফয়সাল করিম দাউদ ও মাইনউদ্দিন ইসলাম শুভ একসাথে ভারতে পালিয়ে যায় এবং যাওয়ার আগে উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্যগুলো তাদের পরিবারের সদস্যদের জিম্মায় রেখে যান।
পরবর্তীতে আটক তিন নারী ও উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।