Search

Search

জবিতে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা | স্টার নিউজ
গানে-তানে ও নব সাঁজের আড়ম্বরে পালিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা বাণী অর্চনা।এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, দুটি ইন্সটিটিউট ও একমাত্র ছাত্রী হল মিলিয়ে মোট ৩৯টি মণ্ডপে একযোগে এই পূজা উদযাপিত হচ্ছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।

পুরো ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, নানান আলপনা ও বর্ণিল আলোকসজ্জায় পুরো ক্যাম্পাসে উৎসবের রং ছড়িয়ে গেছে। কাঠ, খড় ও কর্ক-শিট দিয়ে তৈরি বিভিন্ন ফ্রেম, ব্যানার, স্টেজ ও সজ্জার মাধ্যমে প্রতিটি মণ্ডপের নিজস্ব রূপ ফুটে উঠেছে। শেষ মুহূর্তে পূজা উদযাপনে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী তটিনী রায় তিথি বলেন, “বছরের এই একটি দিনেই আমরা সরস্বতী পূজা করি। সারা বছর যেন সঠিকভাবে জ্ঞানার্জন করতে পারি—এই প্রার্থনাই করি। ক্যাম্পাসের এমন আনন্দময় পরিবেশ উপভোগ করছি।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উপমা মণ্ডল বলেন, “প্রতিবছর আনন্দের সঙ্গে পূজা উদযাপন করি। তবে গত দুই বছর ধরে স্বল্প বাজেটে সব আয়োজন করতে হচ্ছে, তাই সহপাঠীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করতে হয়েছে।”

পূজায় অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্মৃতি বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের দিনটি উদযাপন করছি। অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুদেরও আমন্ত্রণ জানিয়েছি, তারা এসেছেন। সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করছি। খুব ভালো লাগছে।"

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী হৃদয় রায় বলেন, “দেবী সরস্বতী বিদ্যা, সঙ্গীত ও কলার দেবী। প্রতি বছর এই পূজার মাধ্যমে আমরা প্রার্থনা করি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি এবং আমাদের ভেতরে থাকা সুপ্ত প্রতিভা জাগ্রত হয়।”

পূজা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে অত্যন্ত জাঁকজমক-পূর্ণভাবে এবারের মা সরস্বতীর পূজা পালিত হচ্ছে। পূজা কমিটির সভাপতি হিসেবে সার্বিক সহযোগিতার জন্য আমি প্রক্টরিয়াল বডি ও জকসু কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে জকসুর সংস্কৃতি সম্পাদক তাকরিমের সহযোগিতা প্রশংসনীয়।”

পরিদর্শন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, খুবই জাঁকজমক ও শিক্ষার্থীদের উদ্দীপনার সঙ্গে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। আমি প্রত্যেকটি মণ্ডপে পরিদর্শন করেছি। সকল সনাতনী শিক্ষার্থীদের অভিনন্দন। সাড়ম্বরে পালনের জন্য এবার আমরা বাজেট গতবারের তুলনায় বাড়িয়ে দিয়েছি।

সম্পর্কিত খবর :