Search

Search

আগুনে জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় আগুন লাগে | ছবি: স্টার নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাবির এক শিক্ষার্থীসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম, বাড়ি মালিক আবদুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং ভাড়াটিয়া মো. হাসিনুর।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস জানান, গুরুতর দগ্ধ অবস্থায় দুজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপর দুজন সাভারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির মালিকের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে মঙ্গলবার রাতে দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাইফুল ইসলাম ও হাসিনুর ঘটনাস্থলে গেলে একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারজন দগ্ধ হন।

আহতদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন জানান, দগ্ধ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সম্পর্কিত খবর :